প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মো. সুজাউদ্দৌল্লা
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. সুজাউদ্দৌল্লাকে, তার গণমুখী ও উন্নয়নশীল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব হিসেবে মো. সুজাউদ্দৌল্লাকে নিয়োগ দেওয়া হয়েছে। গণমুখী ও উন্নয়নশীল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই নিয়োগ প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. সুজাউদ্দৌল্লা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সেতুবন্ধন তৈরিতে তার দক্ষতা রয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রীর গণমাধ্যম কার্যক্রম সমন্বয় ও তথ্য প্রবাহ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। মো. সুজাউদ্দৌল্লা সুজন (সুজন মাহমুদ) বর্তমানে বাংলাভিশনে কাজ করছেন। এর আগে তিনি কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মো. সুজাউদ্দৌল্লাকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই নিয়োগ বহাল থাকবে।
এই নিয়োগ অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়েছে।
মো. সুজাউদ্দৌল্লার নিয়োগ প্রধানমন্ত্রীর গণমাধ্যম শাখাকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
