চলচ্চিত্র 'নীল চোখ'-এর শুভ মহরত
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নীল চোখ-এর শুভ মহরত। ঢাকার ব্যস্ততম সময়ে চারপাশে যখন গাড়ির হর্নের তীব্র শব্দ আর ভ্যাপসা গরম তখন বিকেল ৫টায় শীতাতপ নিয়ন্ত্রিত শব্দহীন একটি সাজানো ঘরে আসতে শুরু করেন চলচ্চিত্রের বিভিন্ন মাধ্যমের প্রতিষ্ঠিত অতিথিবৃন্দ, নীল চোখ চলচ্চিত্রের নির্বাচিত কলাকুশলীবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। রাজধানীর মগবাজারে অবস্থিত জলপাই রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের সভাপতিত্বে মহরত অনুষ্ঠানের আলোচনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন সোনালী সময়ের প্রথিতযশা চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে মহরতের শুভ উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও চিত্রনায়ক আদনান আজাদ। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি বদিউল আলম খোকন, বাংলাদেশের বৃহত্তম ডিজিটাল প্লাটফর্ম বঙ্গবিডির হেড অফ কন্টেন্ট মো: আলী হায়দার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সাঁতাও-এর নির্মাতা খন্দকার সুমন, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আরমান, জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, এবং সঞ্চালনায় ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, লেখক, গবেষক ও অভিনেতা এ বি এম সোহেল রশিদ। তার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রেডো ক্রিয়েটিভ ফিলটা-এর প্রযোজক ও অভিনেতা বিভান বাদল।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে মহরতের উদ্বোধন করা হয়।
তিনি বলেন, “আমি একজন অভিনেতা বটে। আমার সর্বোচ্চ পাওনা জীবনের প্রথম নির্মাতা সুপিন বর্মন-এর নীল চোখ চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে। সুন্দর টুইস্ট ও শক্তিশালী এই গল্পে পরিশ্রমের বিকল্প নেই। আমিও আমার সর্বোচ্চ দিয়ে এই গল্পের ইমরান চরিত্রটি ধারণ করতে চাই।“
তিনি আরো বলেন, “এখানে বঙ্গ বিডির হেড অফ কন্টেন্ট আলী হায়দার আমার আকাঙ্খার মুকুট। আগামীতে বঙ্গ বিডি থেকে বেশ কয়েকটি ওয়েব ফিল্মে কাজ করবেন বলে চূড়ান্ত হয়েছে। তার মধ্যে পালোয়ান চলচ্চিত্রটির নির্মাতা সুপিন বর্মন চিত্রনাট্য, স্ক্রিপটিং-এর কাজ প্রায় শেষ করেছেন। বর্তমানে তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন । আমি এ সকল চলচ্চিত্রে কাজ করে নিজেকে প্রমাণ করতে চাই এবং প্রযোজক ও পরিচালকদের সুনজরে আসতে চাই। আমাকে সবাই আপনাদের দোয়ায় রাখবেন।“
নির্মিতব্য চলচ্চিত্রটির সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন নীল চোখ'র নির্মাতা সুপিন বর্মন। সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন নীল চোখ চলচ্চিত্রটি মূলত একটি স্বাধীন ধারার চলচ্চিত্র। একটি কাল্পনিক গল্পের ছায়ায় আবর্তিত সাইকো থ্রিলার ও সেমি হরর। একই সাথে ট্যুরিজম ফিল্মও বটে। মিস্ক আল মারুফের রহস্য গল্পের মূল ভাবনা থেকে নির্মাতা তার বাস্তব অভিজ্ঞতার আলোকে কাল্পনিক হরর গল্পের দারুণ এক ব্যঞ্জনা তৈরি করেছেন চিত্রনাট্যে। এই চলচ্চিত্রের মাধ্যমে দর্শক হবিগঞ্জ জেলার বিখ্যাত সাতছড়ির রূপ ও রহস্যের মাঝে হারিয়ে যাবেন । সেই সাথে চা বাগানের উঁচু নিচু টিলার সবুজ সৌন্দর্য সকলকে মুগ্ধ করবে এবং পরিচয় করিয়ে দিবে স্থানীয় আদিবাসীদের লোকজ সংস্কৃতির সাথে। ভ্রমণপ্রিয় দর্শকদের জন্য নীল চোখ চলচ্চিত্রটি হবে অসাধারণ অনুভূতির এক ভালোবাসার চলচ্চিত্র।
বঙ্গবিডির টেকনিক্যাল সাপোর্ট ও ডিজিটাল পার্টনারশিপে তৈরি হচ্ছে চলচ্চিত্রটি। নির্মাতার আলোচনা ধরে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন এবং আগামীতে চলচ্চিত্রটির সার্বিক সফলতা কামনা করেন।
বঙ্গবিডির কনটেন্ট হেড আলী হায়দার বলেন- এরা তরুন উদ্যোমী, আমাদের মনে হয়েছে এই টিমটিকে আমাদের সহযোগিতা করা উচিত এবং সহযোগিতা পেলে তারা সামনে ভালো কিছু করতে পারবে। সেই কারণে বঙ্গ তাদেরকে কারিগরি সহযোগিতা প্রদান করছে এবং ডিজিটাল পার্টনার হিসেবে সাথে রয়েছে। এদিকে এ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হতে যাচ্ছেন তরুণ মেধাবী চিত্রনায়িকা নুসরাত রিতিকা।
তিনি বলেন, “এই গল্প ফ্যান্টাসি, হরর, ট্যুরিজম, রোমান্টিক একটি প্যাকেজ। এই গল্পে যেমন পরিশ্রম, তেমন নিজেকে মেলে ধরার সুযোগ অনেকটাই বেশি। তাই আমি আমার অমূল্য চেষ্টাটাই করে যাব। নীল চোখ চলচ্চিত্রের কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় নায়ক ও শিল্পী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবির, জনপ্রিয় চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব, চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী সদস্য শামিম হোসেন চিকন আলী, পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সহ-সভাপতি ও অভিনেতা বিধান রায়, ও অভিনেত্রী রিতিকা ।
আলোচনা সভার সভাপতি নির্মাতা ও প্রযোজক মনজুরুল ইসলাম মেঘ সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
আলোচনা শেষে নীল চোখ চলচ্চিত্রের চুক্তিপত্রে স্বাক্ষর করেন অভিনয়শিল্পী ও কলাকুশলীবৃন্দ। উল্লেখ্য যে আগামী ২৫ আগস্ট থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে এবং আগামী বছরের শুরুতে মুক্তি দেওয়া হবে বলে জানান প্রযোজক সংস্থা ক্রেডো ক্রিয়েটিভ ফিল্ম ও বর্মন ফিল্মের কর্মকর্তাবৃন্দ।
