রোমে বিমানের ফ্লাইটে কারিগরি ত্রুটি, ঢাকাগামী যাত্রা বিলম্বিত
রোমে অবস্থানরত BG306-এর যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা, খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল শুক্রবার BG306 (টরন্টো–রোম–ঢাকা) ফ্লাইট পরিচালনার সময় ইতালির রোম ফিউমিচিনো (FCO) বিমানবন্দরে উড়োজাহাজটিতে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে।
ত্রুটি পুরোপুরি নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে BG306 রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ায় BG305 (ঢাকা–রোম–টরন্টো) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে।
রোমে অবস্থানরত BG306-এর যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা, খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।
এছাড়া, BG305-এর নতুন প্রস্থানের সময় ৮ আগস্ট ২০২৬ দুপুর ১টা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।
BG306-এর হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানানো হবে। যেকোনো প্রয়োজন বা সহায়তার জন্য যাত্রীরা বিমান হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করতে পারবেন।
এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্যও সংস্থাটি কৃতজ্ঞতা জানিয়েছে। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছে বিমান।
