প্রধানমন্ত্রীর সকল উন্নয়ন ও পরিকল্পনা সফলে সচেষ্ট থাকব: অতিরিক্ত সচিব সুরাইয়া
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনকে ঘিরে উন্নয়ন তৎপরতা জোরদার, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সকল উন্নয়ন ও পরিকল্পনা সফলে সচেষ্ট থাকার কথা জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান।
আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে টেলিফোনে আলাপকালে প্রতিবেদককে তিনি একথা জানান। প্রসঙ্গত, সুরাইয়া আখতার বগুড়ায় এসেছেন। তিনি ২০ এপ্রিল (সোমবার) বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন।
সুরাইয়া আখতার জানান, ২০ এপ্রিল প্রধানমন্ত্রী (তারেক রহমান) নিজ জন্মভূমি বগুড়ায় আসবেন। এখানে তিনি বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন এবং উন্নয়ন সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করবেন। সুরাইয়া আখতার বলেন, দেশের সুযোগ্য প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বগুড়ার নির্বাচিত সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের নেতৃত্বে সরকারের উন্নয়ন কাজে ভুমিকা রাখার সুযোগ পেয়ে আমি আনন্দিত।
জানা যায়, বগুড়ার ধুনট উপজেলায় সুরাইয়া আখতারের গ্রামের বাড়ি। তিনি ১৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। সুরাইয়া আখতার বলেন, বগুড়া এ অঞ্চলের সবচেয়ে প্রাচীন সভ্যতার নিদর্শন ধারণ করে রেখেছে,পুন্ড্র সভ্যতা থেকে শুরু করে মুসলিম সভ্যতার ধারাবাহিকতা বজায় রেখে আজকের বগুড়া। এমনকি বগুড়া নামটা বগরা থেকে এসেছে ইতিহাসের পাতা থেকে।
বিগত সরকারের ১৭ বছরের শাসনামলে বগুড়ার উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে তুলে তিনি বলেন, এখানে (বগুড়া) আধুনিক উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাজনৈতিক কারণে এখানে উন্নয়ন কার্যক্রম কার্যক্রম ছিল স্থবির, এ কারণে বিগত ১৭ বছরে বগুড়ার উন্নয়নে বড় শূন্যতা তৈরি হয়েছে।
সুরাইয়া আখতার বলেন, প্রধানমন্ত্রী বগুড়ার সন্তান, আমাদের প্রতিমন্ত্রী আছেন,আরও আছেন আমাদের নির্বাচিত সংসদ সদস্যগন। প্রধানমন্ত্রীর পরিকল্পনা এবং দিকনির্দেশনা অনুসারে তারা সকলেই বগুড়ার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছেন। তিনি বলেন, বগুড়ার উন্নয়নে বগুড়ার সন্তান হিসেবে আমাদের সম্মানিত সরকার প্রধান, নির্বাচিত জনপ্রতিনিধিগন আমাকে যে দায়িত্ব দেবেন, কাজ করার সুযোগ দেবেন - আমি আমার অভিজ্ঞতার আলোকে পেশাদারিত্বের সাথে বগুড়ার সর্বস্তরের উন্নয়নে ভুমিকা রাখতে আন্তরিক ভূমিকা রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ ।
সুরাইয়া আখতার জানান, বগুড়ার ৮৩ জন কর্মকর্তা সিভিল সার্ভিস প্রশাসনের ক্যাডারে কর্মরত আছেন। এর মধ্যে আছেন দুইজন সম্মানিত সচিব। তিনি বলেন, বগুড়ার উন্নয়নে, দেশের উন্নয়নে এদের সকলের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রশাসনের কাজে আমার ২৭ বছরের অভিজ্ঞতা আছে। বগুড়ার উন্নয়নের জন্য সিভিল সার্ভিসে কর্মরতদের কাজ করার
অনেক সুযোগ আছে। আমি এবং আমরা সকলে আমাদের সুযোগ্য প্রধানমন্ত্রীর সকল উন্নয়ন পরিকল্পনা সফল করার জন্য সচেষ্ট থাকব।
