প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন সাখাওয়াত
নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাখাওয়াত হোসেন। তিনি বিদায়ী সচিব আবু তাহের মো. মাসুদ রানার স্থলাভিষিক্ত হলেন। সোমবার (২১ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। শিক্ষা খাতে চলমান বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং মানোন্নয়নে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, শিক্ষা সংশ্লিষ্ট মহলের একাংশে এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম রুমি ও আব্দুস সালাম নতুন সচিবকে অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আমরা সাখাওয়াত হোসেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন সাধিত হবে-এই প্রত্যাশা আমাদের সকলের।”
কর্মকর্তাদ্বয় আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কার্যকর পদক্ষেপ অত্যন্ত জরুরি। “আমরা বিশ্বাস করি, নতুন সচিবের দূরদর্শী সিদ্ধান্ত ও উদ্যোগে শিক্ষা খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সদ্যসাবেক সচিব মাসুদ রানাকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
