কারিগরি ত্রুটিতে রোমে বিমানের ফ্লাইট আটকা

ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য ইতোমধ্যে থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে তাদের বিকল্পভাবে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থাও করা হচ্ছে

Aug 08, 2026 - 16:56
Updated: 1 month ago
0
কারিগরি ত্রুটিতে রোমে বিমানের ফ্লাইট আটকা
বাংলাদেশ বিমানের প্রতীকী ছবি

কারিগরি ত্রুটির কারণে শুক্রবার জরুরি অবতরণের পর টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকা পড়েছে। এতে ২৫৬ জন যাত্রী ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগে পড়েন।

এক যাত্রী জানান, যাত্রীদের প্রায় আট ঘণ্টা উড়োজাহাজের ভেতরেই রাখা হয়। পরে তাদের উড়োজাহাজ থেকে নামার অনুমতি দিয়ে হোটেলে নেওয়া হয়।

বিমানের এক কর্মকর্তা জানান, রোমে অবতরণের পর উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা করা হয়। এ সময় প্রকৌশলীরা একটি যান্ত্রিক ত্রুটি শনাক্ত করেন। মেরামত শেষ না হওয়া পর্যন্ত উড়োজাহাজটিকে উড্ডয়নের অনুপযোগী ঘোষণা করা হয়।

উড়োজাহাজটি সচল করতে ঢাকা থেকে রোমে প্রকৌশলীদের একটি দল এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠানোর ব্যবস্থা করেছে বিমান। প্রকৌশলীরা বিস্তারিত পরীক্ষা ও মেরামতের কাজ করবেন। এরপর উড়োজাহাজটি উড্ডয়নের অনুমতি পাবে।

আটকে পড়া এক যাত্রী জানান, কয়েক ঘণ্টা উড়োজাহাজের ভেতরে থাকার পর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে তাদের কাছাকাছি কয়েকটি হোটেলে নেওয়া হয়।

ওই যাত্রী আরও অভিযোগ করেন, উড়োজাহাজটি বিমানের হলেও ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের প্রত্যাশা অনুযায়ী সহযোগিতা করেনি। এ কারণে সমস্যা সমাধানে বিমান নিজস্ব প্রকৌশলী ও যন্ত্রাংশ ঢাকা থেকে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

এদিকে, বিমান এক বিবৃতিতে জানায়, ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য ইতোমধ্যে থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে তাদের বিকল্পভাবে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থাও করা হচ্ছে।

তবে উড়োজাহাজটি কবে মেরামত হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবে, তা এখনো নিশ্চিত করেনি বিমান।

এই পরিস্থিতির প্রভাব বিমানের টরন্টো কার্যক্রমেও পড়েছে। ঢাকা থেকে টরন্টোগামী বিমানের আরেকটি ফ্লাইট রাত ২টা ২০ মিনিটের পরিবর্তে রাত ১টায় ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। ওই ফ্লাইটের যাত্রীদের রাত ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হতে বলা হয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User