ঢাবিতে প্রতীকী মূল্যে বই বিক্রি

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এই বই বিক্রি কর্মসূচি শুরু হয়

Sep 02, 2026 - 14:28
Updated: 19 days ago
0
ঢাবিতে প্রতীকী মূল্যে বই বিক্রি
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শুভোদয়’ প্রতীকী মূল্য মাত্র ৪৮ টাকায় শিক্ষামূলক, প্রেরণামূলক ও ইতিহাসভিত্তিক বই বিক্রি করছে, সঙ্গে উপহার হিসেবে গাছও দেওয়া হয়েছে। ছবি: সংগৃহিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ব্যতিক্রমী আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শুভোদয়’। 

জ্ঞানচর্চার বিকাশের লক্ষ্যে সংগঠনটি প্রতীকী মূল্য মাত্র ৪৮ টাকায় শিক্ষামূলক, প্রেরণামূলক ও ইতিহাসভিত্তিক বই বিক্রি করেছে। বইয়ের সঙ্গে উপহার হিসেবে গাছও দেওয়া হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এই বই বিক্রি কর্মসূচি শুরু হয়। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ পাঠক ও সাধারণ শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করা, জ্ঞানের আলো আরও বিস্তৃত করা এবং ইতিহাসের সঠিক তথ্য ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। ব্যতিক্রমী এই উদ্যোগের কারণে সকাল থেকেই গ্রন্থাগার চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজন সম্পর্কে শুভোদয়ের প্রধান সমন্বয়ক জাহিদ হাসান শাকিল বলেন, “আমরা চেয়েছি প্রথাগত রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে তরুণ প্রজন্মের মেধা ও মনন বিকাশে কিছু করতে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে আমরা প্রতীকী মূল্য ৪৮ টাকায় যুবসমাজের উপযোগী বই বিতরণের এই উদ্যোগ নিয়েছি। সঙ্গে উপহার দিয়েছি পরিবেশবান্ধব গাছ।”

তিনি বলেন, “বর্তমান তরুণ সমাজের মধ্যে ইতিহাসের সঠিক তথ্য জানা এবং বই পড়ার অভ্যাস তৈরি করা জরুরি। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া দেখে আমরা আনন্দিত এবং ভবিষ্যতেও শুভোদয় এমন সমাজ গঠনমূলক কাজ অব্যাহত রাখবে।”

কর্মসূচিতে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা সংগঠনটির এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং ক্যাম্পাসগুলোতে এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User